উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিবেদক , কুমিল্লা ||
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে গণযোগাযোগ অধিদপ্তরের ১৮০ দিনের কর্মপরিকল্পনা, উন্নয়ন কার্যক্রম ও কুমিল্লা জেলায় গত তিন মাসে বাস্তবায়িত বিভিন্ন জনসচেতনতামূলক উদ্যোগ তুলে ধরতে আজ এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।সকালে কুমিল্লা সার্কিট হাউসে জেলা তথ্য অফিস, কুমিল্লার উদ্যোগে এ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।প্রেস ব্রিফিংয়ে কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ নুরুল হক সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার বিভিন্ন দিক উপস্থাপন করে বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড, জনকল্যাণমূলক কার্যক্রম ও নাগরিকসেবা সংক্রান্ত তথ্য সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে গণযোগাযোগ কার্যক্রম আরও জোরদার করা হবে। ইতোমধ্যেই প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা বাড়াতে মাঠপর্যায়ে প্রচার কার্যক্রম সম্প্রসারণ করা হচ্ছে বলে জানান তিনি।এ সময় সিনিয়র তথ্য অফিসার আরও বলেন, জেলা তথ্য অফিস ইতোমধ্যেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন ও গ্রামীণ পর্যায়ে সভা, উঠান বৈঠক, মতবিনিময় সভা ও প্রচার কার্যক্রম পরিচালনা করছে। সরকারের উন্নয়ন অগ্রযাত্রা ও জনস্বার্থ সংশ্লিষ্ট তথ্য সহজভাবে জনগণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এসব কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন তিনি।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলী রাজি মাহমুদ মিথুন। তিনি বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য প্রচারের মাধ্যমে গণমাধ্যম জনসচেতনতা বৃদ্ধি ও গুজব প্রতিরোধে কার্যকর অবদান রাখতে পারে।এ সময় আলী রাজি মাহমুদ সাংবাদিকদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সরকারি তথ্য কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করার ওপর গুরুত্বারোপ করেন।এতে অংশ নেন জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা।ব্রিফিংয়ে সাংবাদিকরা সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার বিভিন্ন দিক নিয়ে প্রশ্ন, মতামত ও পরামর্শ তুলে ধরেন। এ সময় গণযোগাযোগ কার্যক্রমকে আরও কার্যকর ও সময়োপযোগী করতে সাংবাদিকদের পক্ষ থেকে বিভিন্ন সুপারিশ করা হয়।