উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সিরাজগঞ্জ প্রতিনিধি ||
রকিবুল ইসলাম : সিরাজগঞ্জে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের পেশাগত মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।সোমবার সকালে শহরের গুরুত্বপূর্ণ স্থান প্রেসক্লাব চৌরাস্তা সড়কে আয়োজিত এ মানববন্ধনে জেলার বিভিন্ন ওষুধ কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা অংশ নেন। কর্মসূচির আয়োজন করে সিরাজগঞ্জ জেলা ফারিয়া।মানববন্ধনে বক্তারা বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দেশের স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও নানা সময়ে কর্মক্ষেত্রে হয়রানি, অনিরাপত্তা ও অপেশাদার আচরণের শিকার হচ্ছেন। তারা বলেন, “দালাল নয়, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা এ দেশের সর্বোচ্চ শিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠীর অংশ।” তাই তাদের পেশাগত সম্মান ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।বক্তারা আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের দায়িত্ব পালনের সময় বাধা, হুমকি ও অসদাচরণের ঘটনা ঘটছে। এসব বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে প্রতিনিধিদের জন্য সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে।মানববন্ধনে অংশগ্রহণকারীরা দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন।