উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রূপগঞ্জ প্রতিনিধি , নারায়ণগঞ্জ ||
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় রপ্তানিমুখী একটি স্পিনিং মিলের শ্রমিকরা তিন মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন। বুধবার (৬ মে) দুপুর ১২টার দিকে উপজেলার তারাবো পৌরসভার যাত্রামুড়া স্লুইজগেট এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।জানা যায়, নোবেল কটন স্পিনিং মিলস লিমিটেডে উৎপাদিত সুতা বিদেশে রপ্তানি করা হয় এবং এখানে প্রায় ৭ শতাধিক শ্রমিক কর্মরত রয়েছেন। শ্রমিকদের অভিযোগ, তিন মাসের বকেয়া বেতন পরিশোধের জন্য মালিকপক্ষের সঙ্গে একাধিক বৈঠক হলেও প্রতিশ্রুতি অনুযায়ী বুধবার বেতন পরিশোধ করা হয়নি। বরং দাবি জানালে মালিকপক্ষ অপারগতা প্রকাশ করে।এতে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারা প্রথমে কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন এবং পরে কাজ বন্ধ রেখে মহাসড়কে নেমে অবরোধ গড়ে তোলেন। এতে সড়কের উভয় পাশে প্রায় ছয় কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছে।খবর পেয়ে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মালিকপক্ষ ও শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে মালিকপক্ষ আগামীকাল (৭ মে) সকালেই বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন।রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন জানান, “দুপুর দেড়টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।”