উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিবেদক , নারায়ণগঞ্জ ||
নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়াম এলাকার একটি বাউল ক্লাবকে কেন্দ্র করে অনৈতিক কর্মকাণ্ড ও স্থানীয় উত্তেজনার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ৫মে ওই এলাকায় বাউল শিল্পীদের মধ্যে পারস্পরিক বিরোধ ও উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফতুল্লা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে।ঘটনার সময় উপস্থিত সাংবাদিকরা ছবি ও ভিডিও ধারণ করতে গেলে ক্লাব সংশ্লিষ্ট এক ব্যক্তি—স্থানীয়ভাবে যাকে চাঁন মিয়া হিসেবে পরিচিত—সাংবাদিকদের সঙ্গে উত্তেজিত আচরণ করেন বলে অভিযোগ ওঠে। এ সময় তিনি সাংবাদিকদের উদ্দেশে হুমকিমূলক মন্তব্য করেন এবং ভবিষ্যতে ক্ষতির ইঙ্গিত দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।এ ঘটনায় নিরাপত্তা হুমকির অভিযোগ এনে সংশ্লিষ্ট সাংবাদিক ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এতে ক্লাবের মালিকসহ আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে বলে জানা গেছে।স্থানীয়দের অভিযোগ, স্টেডিয়াম এলাকার ওই ক্লাবে রাতভর আড্ডা ও কিছু অনৈতিক কর্মকাণ্ড চলে আসছে। এছাড়া আশপাশে মসজিদ ও কবরস্থান থাকা সত্ত্বেও এ ধরনের কার্যক্রমে এলাকায় অসন্তোষ ও ক্ষোভ বিরাজ করছে বলে দাবি করেন অনেকে।তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। প্রশাসন এ বিষয়ে কী ব্যবস্থা নেয়, তা নিয়ে স্থানীয়দের মধ্যে আগ্রহ ও নজর রয়েছে।