উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আরফান চৌধুরী , চকরিয়া, কক্সবাজার ||
চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ২১ জনকে গ্রেফতার করা হয়েছে।কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমানের সার্বিক নির্দেশনায় চকরিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনির হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।পুলিশ জানায়, চকরিয়া থানা এলাকা, পৌরসভার নতুন বাসস্টেশন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জনতা মার্কেট, পিউরিয়া, মাতামুহুরী ব্রিজ এলাকা এবং চিরিংগা স্টেশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ভ্রাম্যমাণ মাদকসেবী, ক্লিনিকের দালাল ও অপরাধে সম্পৃক্ত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযান চালানো হয়।অভিযানকালে গ্রেফতারি পরোয়ানা তামিল, মাদক ও অস্ত্র উদ্ধারের অংশ হিসেবে পরোয়ানাভুক্ত ৭ জন, মামলার এজাহারভুক্ত ২ জন এবং ভাসমান মাদকসেবী, হাসপাতালের দালাল, ভবঘুরে ও বিভিন্ন অপরাধে জড়িত আরও ১২ জনসহ মোট ২১ জনকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।অফিসার ইনচার্জ জানান, চিরিংগা বাজার, বাসস্টেশন, মাতামুহুরী ব্রিজ, মালুমঘাট, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জনতা মার্কেট, পিউরিয়া, কোচপাড়া, মাষ্টারপাড়া, সোসাইটি পাড়া, বাইতুশ শরফ রোড ও কসাই পাড়াসহ অপরাধপ্রবণ এলাকায় পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। ভ্রাম্যমাণ অপরাধ দমনে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।তিনি এ সময় গণমাধ্যমকর্মী ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন।