উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মো নজরুল ইসলাম ||
ঢাকার সাভারের আশুলিয়া থানাধীন পাথালিয়া ইউনিয়নের পানধোয়া এলাকার একমাত্র চলাচলের সড়কটি দীর্ঘদিন সংস্কারের অভাবে বর্তমানে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। প্রতিদিন এই সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে।স্থানীয় সূত্রে জানা যায়, সর্বশেষ ২০০৫ সালে সাভার এলজিইডির মাধ্যমে সড়কটিতে পিচ ঢেলে নির্মাণ করা হয়। এরপর থেকে আর কোনো ধরনের সংস্কার বা উন্নয়ন কাজ হয়নি। দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকায় সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হয়েছে এবং কোথাও কোথাও পিচ উঠে গিয়ে মাটির রাস্তার মতো অবস্থা হয়েছে।বর্ষাকাল ঘনিয়ে আসায় এলাকাবাসীর উদ্বেগ আরও বেড়েছে। বর্তমানে কোনোভাবে চলাচল করা গেলেও বৃষ্টি শুরু হলে সড়কটি সম্পূর্ণ চলাচলের অনুপযোগী হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন তারা।এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, “এই রাস্তা দিয়ে প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, কর্মজীবী মানুষসহ সবাই চলাচল করে। কিন্তু রাস্তাটির এমন বেহাল অবস্থার কারণে আমরা চরম ভোগান্তিতে আছি।”আরেকজন বলেন, “বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে যায়, তখন হাঁটাও সম্ভব হয় না। অনেক সময় ভয়ানক দুর্ঘটনাও ঘটে।”একজন বয়স্ক বাসিন্দা জানান, “বছরের পর বছর ধরে শুধু আশ্বাসই পাচ্ছি, কিন্তু কোনো কাজের বাস্তবায়ন দেখি না।”স্থানীয়রা এবং এখানে বসবাসরত বাসিন্দারা দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়ে বলেন, দীর্ঘদিনের এই ভোগান্তি থেকে মুক্তি পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।এ ব্যাপারে সাভার উপজেলা প্রশাসনের এল জি আর ডি এ-র দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী দ্রুত সড়কটি সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।