উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাহাবউদ্দিন, বিশেষ প্রতিনিধি ||
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রূপগঞ্জ থানাধীন দাউদপুর ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনা এবং রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ এইচএম সালাউদ্দিনের নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) রৌশন আলী সঙ্গীয় ফোর্সসহ অভিযানে অংশ নেন।অভিযানে গোবিন্দপুর ২০ নম্বর সেক্টর এলাকায় নিজ বসতবাড়ির সামনে থেকে মো. শাহিন আলম ওরফে সোনাই (৪২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তল্লাশিকালে তার হেফাজত থেকে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক ব্যবসায় ব্যবহৃত দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত শাহিন আলমের পিতার নাম মৃত শহিদুল্লাহ কবিরাজ এবং মাতার নাম মোসা. আনোয়ারা বেগম। তিনি রূপগঞ্জ থানার গোবিন্দপুর এলাকার বাসিন্দা।পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবা ও মোবাইল ফোন জব্দ করে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে ইতোমধ্যে আদালতে সোপর্দ করা হয়েছে।পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।