উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাহাবউদ্দিন, বিশেষ প্রতিনিধি ||
নারায়ণগঞ্জের ফতুল্লায় চাঞ্চল্যকর ‘পাগলা নয়ামাটি গনি ভিলা’ ডাকাতি মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ স্বর্ণালংকার, একটি সিসি ক্যামেরার ডিভিআর এবং একটি গ্রিল কাটার প্লাস উদ্ধার করা হয়েছে।গ্রেফতারকৃতরা হলেন— আব্দুল ওরফে নাক বোচা হালিম (৫১), মোঃ শাহীন খাঁ (৪২) এবং মোঃ নয়ন (৩২)। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতিসহ নানা মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ এপ্রিল দিবাগত রাতে ফতুল্লার পাগলা নয়ামাটি এলাকার গনি ভিলায় সংঘবদ্ধ একদল সশস্ত্র ডাকাত হামলা চালায়। রাত সাড়ে ৩টার দিকে ৮ থেকে ৯ জনের একটি দল বাড়ির দ্বিতীয় তলার রান্নাঘরের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরে তারা বাড়ির মালিক হুমায়ুন কবির ও তার পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করে।ডাকাতরা ঘরের আলমারির ড্রয়ার ভেঙে প্রায় ৪০ ভরি স্বর্ণালংকার এবং নগদ ২ লাখ টাকা লুট করে নেয়। যার আনুমানিক মূল্য প্রায় ৮০ লাখ টাকা। ঘটনার পর ভুক্তভোগী হুমায়ুন কবির ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করেন।মামলার পরপরই পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধানে একটি বিশেষ টিম গঠন করা হয়। পরে ডিএমপির মিরপুর, কেরানীগঞ্জ ও সাভার এলাকায় অভিযান চালিয়ে র্যাব-৪ (র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৪) এর সহায়তায় আসামিদের গ্রেফতার করা হয়।উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে প্রায় ৬ ভরি ৮ আনা ৭ পয়েন্ট ওজনের স্বর্ণালংকার, একটি ডিভিআর এবং গ্রিল কাটার যন্ত্র।পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা পেশাদার ডাকাত দলের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং রিমান্ড আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়েছে।