উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিবেদক , ঢাকা ||
রাজধানী ঢাকাকে নিজের বাড়ির আঙিনার মতো পরিচ্ছন্ন, সবুজ ও নান্দনিক করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। তিনি বলেছেন, নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টা ও সচেতনতাই পারে ঢাকাকে একটি সত্যিকারের ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’তে রূপান্তর করতে।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাজধানীর কাকরাইল মসজিদ মোড়ে গুলিস্তান জিরো পয়েন্ট থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত সড়কের মিডিয়ান ও ফুটপাতে সৌন্দর্যবর্ধন কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।প্রশাসক জানান, প্রধানমন্ত্রীর ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ গড়ার লক্ষ্যে এই সড়কটিকে একটি আদর্শ ও মডেল রাস্তা হিসেবে গড়ে তোলা হচ্ছে। প্রকল্পের প্রথম ধাপে সড়কের বিভিন্ন স্থানে ৫৪টি নান্দনিক ফুলের টব স্থাপন করা হয়েছে। এসব টবে বাগান বিলাস, রঙ্গন, অলোকানন্দা, পোর্টুলিকা ও কামিনীসহ বিভিন্ন প্রজাতির ফুলগাছ লাগানো হবে।ফুটপাত দখল ও গাছপালা নষ্ট হওয়া প্রসঙ্গে তিনি বলেন, সিটি কর্পোরেশন বা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষে সবসময় নজরদারি করা সম্ভব নয়। তাই নগরবাসীকেই দায়িত্বশীল হতে হবে। তিনি সবাইকে ডাস্টবিন ছাড়া কোথাও আবর্জনা না ফেলা এবং পরিবেশ রক্ষায় সচেতন থাকার আহ্বান জানান। একই সঙ্গে প্রতিটি নাগরিককে অন্তত একটি করে গাছ লাগানোর অনুরোধ করেন।ডিএসসিসি প্রশাসক জানান, এক মাসের মধ্যে চলমান প্রকল্পের কাজ সম্পন্ন করা হবে। পরবর্তী ধাপে ধানমন্ডি আবাসিক এলাকা ও লেককে কেন্দ্র করে নান্দনিক পরিবেশ গড়ে তোলা হবে। পর্যায়ক্রমে পুরো ঢাকা শহরে এই সৌন্দর্যবর্ধন কার্যক্রম সম্প্রসারণ করা হবে।তিনি ঢাকাকে একটি পরিচ্ছন্ন ও সবুজ নগরীতে রূপান্তরের লক্ষ্যে সকল শ্রেণি-পেশার মানুষের সক্রিয় সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।