উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাইদুল ইসলাম , আশুলিয়া ||
ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও ওয়াকিটকিসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৬ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে আশুলিয়ার জামগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি খালি স্থান থেকে তাদের আটক করা হয়।গ্রেফতারকৃতরা হলেন— লক্ষ্মীপুর জেলার আল আমিন ওরফে ডিএক্স আল আমিন (২৬), টাঙ্গাইলের সোনা মিয়া (৪৮), আশুলিয়ার শাওন সিকদার (১৯) এবং সিরাজগঞ্জের মো. জাকারিয়া হোসেন (২৮)। পুলিশের দাবি, অভিযানের সময় তাদের আরও ৭-৮ জন সহযোগী কৌশলে পালিয়ে যায়।পুলিশ ও গণমাধ্যমের অনুসন্ধানে জানা গেছে, ডাকাত চক্রটি যোগাযোগের জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করছিল। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৩টি কালো রঙের ‘বাওফেং’ (BAOFENG) ওয়াকিটকি সেট। ধারণা করা হচ্ছে, মোবাইল নেটওয়ার্কের ট্র্যাকিং এড়াতে এবং নিজেদের মধ্যে দ্রুত যোগাযোগের জন্য এসব ডিভাইস ব্যবহার করা হতো।আশুলিয়া থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জামগড়া এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এসআই রাশেদ জামানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে ডাকাত সদস্যরা পালানোর চেষ্টা করে। এসময় ধাওয়া দিয়ে চারজনকে আটক করা হয়।আটককৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে—একটি চাপাতি (১১.৫ ইঞ্চি),একটি সুইচ গিয়ার চাকু (১০ ইঞ্চি),একটি ছুরি (৯ ইঞ্চি),একটি চাকু (৮.৫ ইঞ্চি),৩টি ওয়াকিটকি সেট।মামলার বাদী এসআই রাশেদ জামান জানান, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।পুলিশ জানিয়েছে, পলাতক অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।