উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জামালউদ্দিন, কুমিল্লা ||
কুমিল্লা সদর-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর আবেদনের পরিপ্রেক্ষিতে কুমিল্লা সিটি করপোরেশনের সীমানা সম্প্রসারণ, সদর দক্ষিণ, আদর্শ সদর ও লালমাই উপজেলার সীমানা নির্ধারণ এবং নতুন ময়নামতি উপজেলা গঠনের প্রস্তাব যাচাইয়ে ৬ সদস্যের একটি কমিটি গঠন করেছে স্থানীয় সরকার বিভাগ।স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব (অডিট শাখা)-কে আহ্বায়ক এবং কুমিল্লা সিটি করপোরেশনের সচিবকে সদস্য সচিব করে এ কমিটি গঠন করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. রবিউল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।প্রজ্ঞাপনে বলা হয়, কমিটিকে প্রস্তাবিত এলাকা সরেজমিন পরিদর্শন, তথ্য-উপাত্ত যাচাই এবং সংশ্লিষ্ট পক্ষের মতামত গ্রহণের মাধ্যমে সুনির্দিষ্ট সুপারিশসহ প্রতিবেদন দাখিল করতে হবে।জানা গেছে, কুমিল্লা সিটি করপোরেশনের সীমানা বৃদ্ধির বিষয়টি সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর নির্বাচনী প্রতিশ্রুতির অংশ। বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের জন্য ইতোমধ্যে কার্যক্রম শুরু হয়েছে।অন্যদিকে, ময়নামতি উপজেলা গঠনের দাবিতে স্থানীয়ভাবে দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে। এ দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে এমপি মনিরুল হক চৌধুরীর উদ্যোগে ইতোমধ্যে সেখানে পৃথক সাব-রেজিস্ট্রি অফিস স্থাপন করা হয়েছে। উপজেলা গঠনের আবেদনও স্থানীয় সরকার বিভাগ গ্রহণ করেছে বলে জানা গেছে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কুমিল্লা সিটি করপোরেশনের সীমানা সম্প্রসারণ করা হলে আদর্শ সদর ও সদর দক্ষিণ উপজেলার বর্তমান সীমানায় জটিলতা তৈরি হতে পারে। এ কারণে ওই দুই উপজেলার নতুন সীমানা নির্ধারণের বিষয়টিও একইসঙ্গে বিবেচনায় নেওয়া হচ্ছে। এ ছাড়া, লালমাই উপজেলার সীমানা পুনর্নির্ধারণের বিষয়টিও কমিটির কার্যপরিধির অন্তর্ভুক্ত করা হয়েছে। সংশ্লিষ্টদের মতে, প্রশাসনিক ভারসাম্য ও নাগরিক সেবা নিশ্চিত করতে প্রস্তাবিত সীমানা পুনর্বিন্যাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।