উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
রকিবুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় বিদেশে পাঠানোর প্রলোভনে আদম বেপারির প্রতারণার শিকার হয়ে দুই যুবক সর্বস্বান্ত হয়ে দেশে ফিরেছেন। প্রায় ২৫ দিন অমানবিক নির্যাতনের শিকার হয়ে প্রাণ নিয়ে ফিরে আসা ওই দুই যুবক এখন মানসিকভাবে বিপর্যস্ত।ঘটনাটি উপজেলার বারুহাস ইউনিয়নের বিনসাড়া গ্রামে ঘটেছে। ভুক্তভোগীরা হলেন—পেঙ্গুয়ারি গ্রামের মো. শিহাব উদ্দিন ও বিনসাড়া গ্রামের মো. হাবিবুর রহমান। অভিযুক্ত আদম বেপারি জাহাঙ্গীর আলম ও তার পুত্রবধূ মোছা. জলি খাতুন একই গ্রামের বাসিন্দা।ভুক্তভোগীদের অভিযোগ, উন্নত জীবনের আশায় গ্রীসে পাঠানোর কথা বলে অভিযুক্তরা তাদের কাছ থেকে দুই দফায় মোট ২৬ লাখ টাকা হাতিয়ে নেন। পরে গত ৭ মার্চ ঢাকার বিমানবন্দর দিয়ে তাদের বিদেশে পাঠানো হয়। কিন্তু গন্তব্য গ্রীস না হয়ে তাদের নেওয়া হয় লিবিয়ার বেনগাজিতে।সেখানে পৌঁছানোর পর স্থানীয় এক চক্র তাদের জিম্মি করে একটি নির্জন স্থানে আটকে রাখে। একটি ছোট কক্ষে প্রায় ৪০ জনের সঙ্গে বন্দি রেখে তাদের ওপর চালানো হয় শারীরিক ও মানসিক নির্যাতন। প্রায় ২০ দিন ধরে অনাহার-অর্ধাহারে রেখে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়।পরবর্তীতে পরিবারের সদস্যরা জনপ্রতি ৭ লাখ টাকা হুন্ডির মাধ্যমে পাঠালে তাদের ছেড়ে দেওয়া হয়। পরে আরও ১ লাখ টাকা ব্যয় করে তারা দেশে ফিরে আসতে সক্ষম হন। গত ৫ এপ্রিল তারা দেশে ফেরেন।প্রতারিত যুবকরা জানান, জমি বিক্রি ও সঞ্চয়ের অর্থ খরচ করেও তারা কাজ তো পানইনি, বরং নির্যাতনের শিকার হয়ে নিঃস্ব হয়েছেন। বর্তমানে তারা মানসিকভাবে চরম আতঙ্কে রয়েছেন এবং ঘুমের মধ্যে দুঃস্বপ্নে চিৎকার করছেন।এ ঘটনায় মো. শিহাব উদ্দিন গত ১২ এপ্রিল তাড়াশ থানায় জাহাঙ্গীর আলম ও জলি খাতুনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগের বিষয়ে জলি খাতুন মুঠোফোনে আংশিক টাকা নেওয়ার কথা স্বীকার করে বলেন, সরাসরি গ্রীসে যাওয়া সম্ভব না হওয়ায় প্রথমে লিবিয়ায় পাঠানো হয়েছিল। তবে কাঙ্ক্ষিত কাজ না পেয়ে তারা দেশে ফিরে এসেছেন বলে দাবি করেন তিনি।তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত কার্যক্রম চলছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।