উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মো: মনির হোসেন , রূপগঞ্জ প্রতিনিধি ||
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখ। এ উপলক্ষে মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টা ৩০ মিনিটে উপজেলা প্রশাসন কার্যালয় চত্বর থেকে এক বর্ণাঢ্য বৈশাখী র্যালি বের করা হয়।র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুড়াপাড়া সরকারি কলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।র্যালিতে অংশ নেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনসহ প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনের ব্যক্তিবর্গ।র্যালি শেষে মুড়াপাড়া সরকারি কলেজ মাঠে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রূপগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমির শিশুশিল্পীরা নৃত্য পরিবেশন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম উপস্থিত সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান। এসময় তিনি বলেন, বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করে এগিয়ে যেতে হবে।অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন।এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুড়াপাড়া সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হাফিজুর রহমান, নারায়ণগঞ্জ ‘গ’ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মেহেদী ইসলাম, পূর্বাচল নারায়ণগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফরিদ আল সোহান, রূপগঞ্জ উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) মোঃ মারজানুর রহমান, রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ এইচ এম সালাউদ্দিন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ নাহিদ হাসান ভূঁইয়া, রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সেক্রেটারি মাসুম বিল্লাহ, মুড়াপাড়া সরকারি কলেজের প্রভাষক ও শিক্ষক পরিষদের সেক্রেটারি মোঃ তোফাজ্জল হোসেন তুষার এবং প্রভাষক বিরুন আল রশিদসহ অনেকে।পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশাত্মবোধক ও লোকজ সংগীত পরিবেশনের পাশাপাশি বর্ণাঢ্য নৃত্য পরিবেশিত হয়, যা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।