উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোঃ শরাফত আলী, শ্রীপুর প্রতিনিধি ||
গাজীপুরের শ্রীপুর থানায় অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং পুলিশি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে।আজ রবিবার শ্রীপুর থানা চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু এমপি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, শিক্ষক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।উন্মুক্ত এই আলোচনায় স্থানীয় বাসিন্দারা তাদের এলাকার বিভিন্ন সমস্যার কথা সরাসরি পুলিশের কাছে তুলে ধরেন। বিশেষ করে মাদক নির্মূল, ইভটিজিং প্রতিরোধ, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধ এবং যানজট নিরসনে পুলিশের কার্যকর ভূমিকার দাবি জানানো হয়।প্রধান অতিথির বক্তব্যে জানানো হয়, পুলিশ ও জনগণের মধ্যে দূরত্ব কমিয়ে আনাই এই অনুষ্ঠানের মূল লক্ষ্য। সাধারণ মানুষ যাতে নির্ভয়ে থানায় এসে আইনি সহায়তা নিতে পারেন এবং কোনো মধ্যস্বত্বভোগী বা দালালের খপ্পরে না পড়েন, সে বিষয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। বক্তারা আরও বলেন, “পুলিশই জনতা, জনতাই পুলিশ—এই স্লোগানকে সামনে রেখে শ্রীপুরকে একটি নিরাপদ ও অপরাধমুক্ত জনপদ হিসেবে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর।”অনুষ্ঠানে আগত সাধারণ মানুষ পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের নিয়মিত আলোচনার ফলে এলাকায় অপরাধ প্রবণতা কমে আসবে এবং পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় হবে।