উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাহাবউদ্দিন, বিশেষ প্রতিনিধি ||
নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় মাদকাসক্ত দুই ছেলের নির্যাতনে অতিষ্ঠ হয়ে এক মা থানায় অভিযোগ দায়ের করেছেন। তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তার দুই ছেলে নেশার টাকার জন্য তাকে মারধর, ভাঙচুর ও চুরি করে আসছে। এতে করে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।অভিযোগ সূত্রে জানা যায়, নাসিমা খাতুন (৫৫), স্বামী মৃত আব্দুর রাজ্জাক, ফতুল্লা থানাধীন মুসলিমনগর এলাকার বাসিন্দা। তার দুই ছেলে—রাকিব হোসেন রনি ও আশরাফুল হাসান রাজা—দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। তারা প্রতিদিন মায়ের কাছে নেশার জন্য টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করলে তারা মাকে মারধর করে এবং ঘরের আসবাবপত্র ভাঙচুর চালায়।ভুক্তভোগী নাসিমা খাতুন অভিযোগ করেন, “আমার ছেলেরা নেশার জন্য প্রতিনিয়ত আমাকে নির্যাতন করে। তারা এলাকার বিভিন্ন জায়গায় চুরি-ছিনতাইয়ের সঙ্গেও জড়িত। আমি এখন নিজের ঘরেই নিরাপদ নই।”তিনি আরও জানান, বড় ছেলে রাকিব হোসেন রনির স্ত্রী ও একটি সন্তান রয়েছে। কিন্তু সে তাদের ভরণপোষণ করে না, বরং স্ত্রীকেও নিয়মিত নির্যাতন করে।অভিযোগে উল্লেখ করা হয়, গত ১০ এপ্রিল ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৩টার দিকে দুই ছেলে একত্রিত হয়ে মায়ের কাছে নেশার টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করলে তারা ঘরের জিনিসপত্র ভাঙচুর করে এবং আলমারি থেকে প্রায় ৫ হাজার টাকা নিয়ে যায়।এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা এসআই রফিকুল ইসলাম জানান, অভিযুক্তদের বিরুদ্ধে এর আগেও ব্যবস্থা নেওয়া হয়েছে। “তাদের দুইবার আদালতে পাঠানো হয়েছে। কিন্তু জামিনে বের হয়ে এসে তারা আবারও একই ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে,” বলেন তিনি।নাসিমা খাতুন আরও বলেন, “জেল থেকে বের হয়ে এসে তারা আবার আমাদের ওপর নির্যাতন শুরু করে। আমি আমার এই দুই সন্তানের কঠোর বিচার চাই।”স্থানীয়রা জানান, অভিযুক্তদের এমন কর্মকাণ্ডে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।