উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
অগ্নিশিখা অনলাইন ||
রকিবুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ভয়নগর গ্রামে হাম রোগে আক্রান্ত হয়ে মালিহা (১৭ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১২ এপ্রিল) সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।পরিবারের সদস্যরা জানান, প্রায় ২৫ দিন আগে ঠান্ডা, কাশি ও জ্বরে আক্রান্ত হলে মালিহাকে প্রথমে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার শ্যামলীর একটি শিশু হাসপাতালে স্থানান্তর করা হয়।সেখানে চিকিৎসকরা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তার শরীরে হাম রোগ শনাক্ত করেন। পরবর্তীতে তাকে সিসিইউতে রেখে নিবিড় চিকিৎসা দেওয়া হয়। দীর্ঘদিন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করার পর অবশেষে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।নিহত শিশুটির ফুপি ও উল্লাপাড়া উপজেলা সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সবিতা প্লাবনী সুইটি বলেন, “মালিহা আমার বড় ভাইয়ের মেয়ে। আমরা চিকিৎসার কোনো ত্রুটি রাখিনি, কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।”এদিকে স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক হলেও প্রতিরোধযোগ্য রোগ। সময়মতো টিকাদান এবং জনসচেতনতা বৃদ্ধি না হলে এ ধরনের মৃত্যুর ঝুঁকি থেকে যায়। তারা শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন।