উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
অগ্নিশিখা অনলাইন ||
রকিবুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় নেপিয়ার ঘাসের জমি থেকে অজ্ঞাত পরিচয় এক কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (১১ এপ্রিল) বিকেল প্রায় তিনটার দিকে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চরাচিথুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কিশোরের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরের দিকে চরাচিথুলিয়া গ্রামের এক কৃষক নেপিয়ার ঘাস কাটতে গিয়ে জমির মধ্যে কিশোরের গলাকাটা মরদেহ দেখতে পান। পরে বিষয়টি স্থানীয়দের জানালে আশপাশের লোকজন ঘটনাস্থলে ভিড় জমায়। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।স্থানীয়দের ধারণা, নিহত কিশোর মাদ্রাসার ছাত্র হতে পারে। তার পরনে থাকা পাঞ্জাবি-পাজামা দেখে এ ধারণা করা হচ্ছে। এছাড়া তাকে বলাৎকারের পর হত্যা করা হয়ে থাকতে পারে বলেও সন্দেহ করছেন এলাকাবাসী, যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করেনি পুলিশ।শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। নিহতের পরিচয় শনাক্ত এবং হত্যার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে বলে তিনি জানান।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।