উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কক্সবাজার প্রতিনিধি ||
কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকায় একটি মুরগির খামার থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় খামারের মালিক নুরুল হোসাইন পলাতক রয়েছেন।পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত আনুমানিক ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানা পুলিশের একটি দল উখিয়া-টেকনাফ সার্কেলের নেতৃত্বে হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী ৭ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালায়। অভিযানকালে নুরুল হোসাইনের মুরগির খামারের একটি ছোট কক্ষ থেকে দুটি বস্তা উদ্ধার করা হয়।পরে বস্তা দুটি খুলে দেখা যায়, এর ভেতরে ৫০টি ইঁট সদৃশ ইয়াবার প্যাকেট রয়েছে। গণনা শেষে মোট প্রায় ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানের সময় খামারের মালিক নুরুল হোসাইন (৩২) পালিয়ে যান। তিনি একই এলাকার গুরা মিয়ার ছেলে।টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলাম জানান, মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান দেশে প্রবেশ করেছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। উদ্ধার হওয়া ইয়াবা সেই চালানের অংশ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।এ ঘটনায় নুরুল হোসাইনকে পলাতক আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।পুলিশ আরও জানায়, এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।