উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাহাবউদ্দিন , বিশেষ প্রতিনিধি ||
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে প্রায় চার বছর আগে সংঘটিত চাঞ্চল্যকর নয়ন (৩০) হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), নারায়ণগঞ্জ জেলা। এ ঘটনায় জড়িত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং গ্রেফতারকৃত ব্যক্তি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছেন।পিবিআই সূত্র জানায়, ২০২১ সালের ৩১ ডিসেম্বর সোনারগাঁও থানাধীন সাজালের কান্দি এলাকায় সোবহানের জমির উত্তর পাশের একটি ডোবায় নয়নের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। দীর্ঘ তদন্ত শেষে অবশেষে হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করতে সক্ষম হয় পিবিআই।তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আধুনিক প্রযুক্তি ও তথ্য-উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে মামলার জট খুলে যায় এবং জড়িত ব্যক্তিকে শনাক্ত করে গ্রেফতার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে আসামি হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে আদালতে জবানবন্দী প্রদান করেন।এ বিষয়ে পিবিআই নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো: মোস্তফা কামাল রাশেদ, বিপিএম বলেন, দীর্ঘদিনের অমীমাংসিত এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন পিবিআইয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ সাফল্য। আমরা পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে কাজ করে সত্য উদঘাটনে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে।তিনি আরও জানান, পিবিআই নারায়ণগঞ্জ জেলা ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটনে কাজ করে যাচ্ছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।