উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মো: মনির হোসেন , রূপগঞ্জ প্রতিনিধি ||
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ইউপি সদস্য আব্দুল মতিন ভুঁইয়া ও তার স্ত্রী-সন্তানের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীরা প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।শনিবার (৪ এপ্রিল) দুপুরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের কায়েমশাইর এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল মতিন ভুঁইয়া (৪৩), তার স্ত্রী জহুরা আক্তার সুমি (৩০) এবং তাদের মাদ্রাসাপড়ুয়া মেয়ে মুশফিকা তানহা (৯) অটোরিকশাযোগে ডেমরার উদ্দেশ্যে রওনা হন। পথে কায়েমশাইর এলাকার দেলোয়ার হোসেনের দোকানের সামনে পৌঁছালে ৭-৮ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল তাদের ওপর হামলা চালায়।হামলাকারীরা দা, লোহার রড ও চাকুসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত ছিল। পূর্ব শত্রুতার জের ধরে তারা এ হামলা চালায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। হামলার সময় জহুরা আক্তার সুমিকে টানা-হেঁচড়া করে শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে।এ সময় সন্ত্রাসীরা জহুরা আক্তারের গলায় থাকা প্রায় দুই ভরি স্বর্ণের চেইন এবং আব্দুল মতিন ভুঁইয়ার কাছ থেকে নগদ প্রায় পাঁচ লাখ টাকা ছিনিয়ে নেয়। একপর্যায়ে ভুক্তভোগীদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।এ ঘটনায় জহুরা আক্তার সুমি বাদী হয়ে কায়েমশাইর এলাকার আবুল হোসেন (৫০), মাহমুদ হাসান (২৩), রিপন (২৫)সহ অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দীন জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।