উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আবুল কালাম আজাদ , ঢাকা ||
ত্রয়োদশ জাতীয় সংসদের সভাপতি ও কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লাকে তার নিজস্ব নামেই বিভাগ ঘোষণার দাবি জানিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেন, ‘ময়নামতি নয়, মেঘনাও নয়—কুমিল্লা নামেই বিভাগ করতে হবে।’সোমবার (০৬ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি এ দাবি জানান।সংসদে বক্তব্যে খন্দকার মোশাররফ বলেন, কুমিল্লা একটি অত্যন্ত ঐতিহাসিক জেলা। শিক্ষা, সংস্কৃতি ও বুদ্ধিবৃত্তিক চর্চার ক্ষেত্রে এ জেলার গুরুত্ব অপরিসীম। দীর্ঘদিন ধরেই কুমিল্লায় বিভাগ প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা ও জনমত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।তিনি আরও বলেন, বিগত বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের আমলে কুমিল্লাকে বিভাগ করার ঘোষণা দেওয়া হলেও তা ভিন্ন নামে করার উদ্যোগ নেওয়া হয়। “কুমিল্লা নামে নয়, অন্য নামে বিভাগ করা হবে—এমন যুক্তি দেখানো হয়েছিল,” বলেন তিনি।সংসদ সভাপতি অভিযোগ করেন, কুমিল্লা নাম নিয়ে অযৌক্তিক ব্যাখ্যা দিয়ে জনগণের আবেগকে উপেক্ষা করা হয়েছে। অথচ এ জেলার মানুষের ঐতিহ্য, ইতিহাস ও পরিচয়ের সঙ্গে ‘কুমিল্লা’ নামটি গভীরভাবে জড়িত।প্রসঙ্গত, ২০১৭ সালে কুমিল্লা বিভাগকে “ময়নামতি” এবং ২০২২ সালে “মেঘনা” নামে করার প্রস্তাব দিয়েছিল তৎকালীন সরকার। তবে এসব প্রস্তাবের বিরুদ্ধে কুমিল্লার সর্বস্তরের মানুষ প্রতিবাদ জানায়।খন্দকার মোশাররফ হোসেন বলেন, “দল-মত নির্বিশেষে কুমিল্লার জনগণ এর প্রতিবাদ জানিয়েছে। বিগত সরকার সমাধানের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করে যায়নি।”তিনি জাতীয় সংসদে উপস্থিত সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কুমিল্লাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে ‘কুমিল্লা’ নামেই বিভাগ ঘোষণার বিষয়টি দ্রুত বাস্তবায়ন করা উচিত।