উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আড়াইহাজার প্রতিনিধি , নারায়ণগঞ্জ ||
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় চা খাওয়া নিয়ে তর্ক-বিতর্কের জেরে যুবলীগ ও ছাত্রদল সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছাত্রদলের এক নেতা গুরুতর আহতসহ অন্তত দুইজন আহত হয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।রবিবার (৫ এপ্রিল) দুপুরে আড়াইহাজার পৌরসভার নোয়াপাড়া এলাকায় ব্র্যাক অফিসের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, আড়াইহাজার উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আরিফ (২৬) তার চাচা চায়ের দোকানদার কবির হোসেনের দোকানে বসে চা পান করছিলেন। এ সময় ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি শাজাহান তার ভাই মজিবুর, নজরুল ও সোহরাবসহ কয়েকজন সেখানে আসেন।চা খাওয়াকে কেন্দ্র করে প্রথমে উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে তা কথা কাটাকাটিতে রূপ নেয়। পরে দুই পক্ষের সমর্থকরা ঘটনাস্থলে জড়ো হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কিছুক্ষণের মধ্যেই উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়। এতে আড়াইহাজার উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আরিফ গুরুতর আহত হন। এ সময় হানিফা নামের আরও একজন আহত হন। এছাড়া উভয় পক্ষের আরও কয়েকজন আহত হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।সংঘর্ষের সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আশপাশের দোকানপাট সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যান।হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আহত আরিফের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এ পাঠান। অপর আহত হানিফাকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল) এ রেফার করা হয়।ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।এ বিষয়ে আড়াইহাজার থানার পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তারা।এদিকে সংঘর্ষের ঘটনায় স্থানীয় রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নতুন করে সংঘর্ষের আশঙ্কায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা পরিস্থিতি শান্ত রাখতে সকল পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন।