উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাহাবউদ্দিন, বিশেষ প্রতিনিধি ||
নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানা পুলিশের হাতে চাঁদাবাজি, মাদক ব্যবসা, ধর্ষণসহ একাধিক মামলার আসামি রনি কুমার দাস (৩২) গ্রেপ্তার হয়েছে। তিনি ফতুল্লার এনায়েতনগর ধর্মগঞ্জ শীষমহল এলাকার বাসিন্দা এবং মাছ বিক্রেতা মনোরঞ্জন দাসের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, রনি কুমার দাস দীর্ঘদিন ধরে এলাকায় নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তার বিরুদ্ধে মাদক বিক্রি, সেবন, ছিনতাইসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। ফতুল্লার লালপুর, পৌষার পুকুরপাড়, শীষমহল, হরিহরপাড়া, আমতলা, মুসলিমনগর, বিসিক, ভোলাইল, কাশীপুর, ধর্মগঞ্জ ও লঞ্চঘাট এলাকায় তার অপরাধ কর্মকাণ্ড বিস্তৃত বলে অভিযোগ উঠেছে।ভুক্তভোগীদের অভিযোগ, রনি নিজেকে কখনো পুলিশ, কখনো সাংবাদিক, আবার কখনো রাজনৈতিক নেতা পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখাতেন। এমনকি তাকে প্রায়ই হাতে হ্যান্ডকাপ নিয়ে এলাকায় চলাফেরা করতে দেখা যেত, যা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছিল। অনেক সময় তিনি নিজেকে ডিবি পুলিশের সদস্য পরিচয়েও পরিচিত করতেন।এলাকাবাসীর দাবি, কিছু অসাধু পুলিশ সদস্যের সহযোগিতায় রনি কুমার দাস বেপরোয়া হয়ে ওঠেন। বিশেষ করে এক এএসআই মো. জুলফিকার আলীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তিনি রনিকে সোর্স হিসেবে ব্যবহার করতেন এবং বিভিন্ন ব্যক্তিকে ধরে এনে নির্যাতনের ঘটনায় জড়িত ছিলেন। পরবর্তীতে এসব অভিযোগের প্রেক্ষিতে তাকে ফতুল্লা থানা থেকে বদলি করা হয় বলে জানা গেছে।স্থানীয় সচেতন মহল মনে করছে, এ ধরনের অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা গ্রহণ করলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে।পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।