উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আড়াইহাজার প্রতিনিধি , নারায়ণগঞ্জ ||
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী–এর সার্বিক নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১ এপ্রিল) দিবাগত রাত ১২টা ৩০ মিনিট থেকে ভোর ৫টা পর্যন্ত উপজেলার মর্দাসাদী ও শ্রীনিবাসদীসহ আশপাশের বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালানো হয়। নারায়ণগঞ্জ জেলা "সার্কেল-সি" এর সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম–এর নেতৃত্বে এবং আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলাউদ্দিন–এর তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়।অভিযানে নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্সের ৪০ জন এবং আড়াইহাজার থানার ২৫ জন সদস্যসহ মোট ৬৫ জন পুলিশ সদস্য অংশ নেন। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি চালানো হয়।পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে পলাতক ও বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারে বিশেষ জোর দেওয়া হয়। বিশেষ করে হত্যা, ডাকাতি ও মাদকসংক্রান্ত মামলার আসামিদের শনাক্ত করে আটক করা হয়। গোয়েন্দা তথ্য ও নিবিড় তল্লাশির ভিত্তিতে অভিযান চলাকালে মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারকৃতরা হলেন—১. স্ত্রী হত্যা মামলার আসামি মো. সুমন মিয়া (৩২), ২. ডাকাতি মামলার আসামি হৃদয় (৩৭), ৩. মাদক ব্যবসায়ী মো. ডালিম (৫০), এবং ৪. শাহ পরান (২৭)।পুলিশ জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। অভিযানের সময় তাদের নিজ নিজ অবস্থান থেকে আটক করা হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।ওসি মো. আলাউদ্দিন বলেন, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।স্থানীয় বাসিন্দারা পুলিশের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, এ ধরনের অভিযান নিয়মিত হলে অপরাধ প্রবণতা কমবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা আরও জোরদার হবে।