উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাহাবউদ্দিন, বিশেষ প্রতিনিধি ||
নারায়ণগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। সোমবার (১৬ মার্চ) বেলা আড়াইটার দিকে তিনি নারায়ণগঞ্জ জেলা পরিষদ ভবনে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।এসময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মাসফাকুর রহমানের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন তিনি। দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে জেলা ও মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।এর আগে রোববার (১৫ মার্চ) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগের তথ্য জানানো হয়। ওই তালিকায় নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে অধ্যাপক মামুন মাহমুদের নাম অন্তর্ভুক্ত ছিল।দায়িত্ব গ্রহণ শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে অধ্যাপক মামুন মাহমুদ বলেন, “জেলা পরিষদের কার্যক্রম পুরো জেলায় বৈষম্যহীনভাবে পরিচালিত হবে। অতীতে উন্নয়নকাজে যে বৈষম্য ছিল, আমরা তা দূর করতে চাই। আমাদের লক্ষ্য হচ্ছে জেলা পরিষদের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া।”তিনি আরও বলেন, “বিগত সময়ে অনেক মানুষ জেলা পরিষদের কার্যক্রম সম্পর্কে অবগত ছিলেন না। আমরা সেই ঘাটতি দূর করতে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেবো।”নবনিযুক্ত প্রশাসকের এই দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে নারায়ণগঞ্জ জেলা পরিষদের কার্যক্রমে নতুন গতি আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।