উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মাজহারুল ইসলাম , ঢাকা ||
রাজধানীর ৭৪ নম্বর ওয়ার্ডে আসন্ন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন স্বেচ্ছাসেবক দলের সবুজবাগ থানা শাখার সদস্য সচিব মো. বিল্লাল হোসেন। স্থানীয় নেতা–কর্মী, সমর্থক ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে শুক্রবার (১৩ মার্চ) তিনি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।দীর্ঘদিন ধরে এলাকায় সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় থাকার কারণে বিল্লাল হোসেন স্থানীয়দের কাছে একজন পরিচিত সমাজসেবক হিসেবে পরিচিত। এলাকার বিভিন্ন সমস্যা সমাধান, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক উদ্যোগে অংশগ্রহণের কারণে সাধারণ মানুষের মধ্যেও তার একটি ইতিবাচক ভাবমূর্তি তৈরি হয়েছে বলে স্থানীয়রা জানান।ঘোষণার পর থেকেই তিনি ৭৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লা, অলিগলি ও গুরুত্বপূর্ণ স্থানে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করছেন। এ সময় তিনি এলাকার মানুষের সমস্যা, সম্ভাবনা এবং উন্নয়ন সংক্রান্ত নানা বিষয় মনোযোগ দিয়ে শুনছেন। স্থানীয় অনেক ভোটার তার এই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন এবং তাকে সমর্থনের আশ্বাস দিয়েছেন বলেও জানা গেছে।মতবিনিময়কালে বিল্লাল হোসেন বলেন,“আমি সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। এলাকার সাধারণ মানুষের ভালোবাসা ও সমর্থন আমাকে অনুপ্রাণিত করেছে। তাদের প্রত্যাশা পূরণ করতেই আমি কাউন্সিলর পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি।”তিনি আরও বলেন, “৭৪ নম্বর ওয়ার্ডকে একটি আধুনিক, নিরাপদ ও বাসযোগ্য এলাকায় পরিণত করা আমার লক্ষ্য। নির্বাচিত হলে এলাকার অবকাঠামোগত উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা, সড়ক সংস্কার, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করব।”বিল্লাল হোসেন বিশেষভাবে মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম জোরদারের কথাও উল্লেখ করেন। তিনি বলেন, “তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে সামাজিক সচেতনতা বাড়াতে হবে। নির্বাচিত হলে স্থানীয় জনগণ, প্রশাসন ও সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতায় একটি মাদক ও সন্ত্রাসমুক্ত নিরাপদ ওয়ার্ড গড়ে তুলতে কাজ করব।”এদিকে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৭৪ নম্বর ওয়ার্ডের সকল বাসিন্দাকে আগাম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। এক শুভেচ্ছা বার্তায় বিল্লাল হোসেন বলেন,“পবিত্র ঈদুল ফিতর আমাদের জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে। আমি ৭৪ নম্বর ওয়ার্ডসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলমান ভাই-বোনকে আন্তরিক ঈদের শুভেচ্ছা জানাই। আল্লাহ যেন সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি দান করেন।”স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে ৭৪ নম্বর ওয়ার্ডে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রাজনৈতিক তৎপরতা বাড়তে শুরু করেছে। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে প্রার্থীরা নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছেন।এ প্রেক্ষাপটে বিল্লাল হোসেনের প্রার্থীতা ঘোষণা স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন অনেকেই। তার সমর্থকরা আশা করছেন, জনগণের সমর্থন নিয়ে তিনি আগামী নির্বাচনে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হবেন।