উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাউফল প্রতিনিধি ||
পটুয়াখালীর বাউফলে বৈদ্যুতিক সংযোগ লাইন ব্যবহার করে অভিনব কৌশলে অপরাধ সংঘটনের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এতে ওই গ্রামের বাসিন্দা ও পল্লী বিদ্যুৎ সমিতির কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।শনিবার (১৪ মার্চ) ভোর রাতে উপজেলার মদনপুরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রাম-লক্ষণ গ্রামে এ ঘটনা ঘটে।ভুক্তভোগী গ্রামবাসী জানান, ভোর রাতে হঠাৎ বিকট শব্দ শোনা যায়। এরপরই গ্রামের বিভিন্ন ঘরের বৈদ্যুতিক সরঞ্জাম বিস্ফোরিত হতে শুরু করে। এতে প্রায় ১০০টি বসতঘরের ইউনিট রিডিং মিটার, বাল্ব, টিভি, ফ্রিজসহ বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়।অপরদিকে বিচ্ছিন্ন হয়ে পড়া ১১ কেভি ক্যাবল একটি বাণিজ্যিক পুকুরে পড়ে গেলে মুহূর্তের মধ্যে চাষ করা প্রায় ৩ হাজার ৩’শ মাছ ছটফট করতে করতে মারা যায়। গ্রামজুড়ে আতঙ্ক সৃষ্টি করে ডাকাতি সংঘটনের উদ্দেশ্যে দুর্বৃত্তরা এমন অভিনব কৌশল অবলম্বন করেছে বলে সন্দেহ করছেন গ্রামবাসী।এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে পল্লী বিদ্যুৎ সমিতির গোসিংগা অভিযোগ কেন্দ্রের ইনচার্জ আওলাদ হোসেন যমুনা টেলিভিশনকে জানান, সিঙ্গেল ফেজ লাইনের ৬ হাজার ৩৫০ ভোল্টের দুটি ক্যাবল দড়ি দিয়ে একত্র করে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছিল। এতে হঠাৎ ভোল্টেজ অস্বাভাবিকভাবে বেড়ে যায় এবং ৩৩ কেভি লাইনের ক্যাবল ছিঁড়ে যায়। ফলে বিপুল পরিমাণ রিডিং মিটার বিস্ফোরিত হয়। এছাড়াও এতে বিদ্যুতের সিস্টেম লসও বেড়ে গেছে। অপরাধ সংঘটনের উদ্দেশ্যে ক্যাবল একত্র করে আতঙ্ক ছড়ানোর এমন ঘটনা এর আগে কখনো দেখা যায়নি বলেও জানান তিনি।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। অপরাধীরা কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে।