উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
অগ্নিশিখা অনলাইন ||
মোরেলগঞ্জ প্রতিনিধি (বাগেরহাট): বাগেরহাটের মোরেলগঞ্জে এক বিএনপি নেতার মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে বিপুল পরিমাণ মাছ লুটের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের গুয়াতলা গ্রামে এ ঘটনা ঘটে। এতে ভুক্তভোগী মৎস্যচাষির আনুমানিক ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।ভুক্তভোগী মোহাম্মদ হাফিজ তালুকদার ১৩ নং নিশানবাড়িয়া ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক। তিনি জানান, বসতবাড়ির পেছনে তার প্রায় দুই একর জমির একটি মৎস্য ঘের রয়েছে। প্রতিদিনের মতো কাজ শেষে রাতে তিনি বাড়িতে ঘুমাতে যান। শুক্রবার সকালে তার ভাই আওয়াল তালুকদার ঘেরে গিয়ে দেখেন অসংখ্য মাছ মরে পানির ওপর ভেসে উঠছে। তার চিৎকার শুনে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন।স্থানীয় প্রত্যক্ষদর্শী কামরুল তালুকদার ও আবুল কালাম হাওলাদার জানান, ঘেরের গেটের কাছে মাছ ধরে নিয়ে যাওয়ার স্পষ্ট চিহ্ন ও আলামত পাওয়া গেছে। তাদের ধারণা, পরিকল্পিতভাবে রাতের আঁধারে দুর্বৃত্তরা ঘেরে বিষ প্রয়োগ করে মাছগুলো মেরে ফেলে এবং পরে বড় একটি অংশ লুটে নিয়ে যায়।ঘেরের অবশিষ্ট মাছগুলোও বিষক্রিয়ায় মারা যাচ্ছে, যা পরিবেশ ও অর্থনৈতিকভাবে বড় বিপর্যয়। ভুক্তভোগী হাফিজ তালুকদার বলেন, আমার দীর্ঘদিনের পরিশ্রমে গড়া এই ঘেরটি পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। আমি প্রশাসনের কাছে এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এ ঘটনার পর থেকে স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। সাধারণ মৎস্যচাষিরা তাদের নিরাপত্তার বিষয়ে শঙ্কিত হয়ে পড়েছেন। স্থানীয়রা দ্রুত এই ঘটনার রহস্য উদঘাটন করে জড়িতদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।