উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আন্তর্জাতিক ডেস্ক ||
ইরানের নতুন সর্বোচ্চ নেতা (সুপ্রিম লিডার) হিসেবে দায়িত্ব নেওয়ায় আয়াতুল্লাহ মোজতবা খামেনিকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার (৯ মার্চ) ক্রেমলিন থেকে পাঠানো এক অভিনন্দন বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়, ইরান বর্তমানে কঠিন পরিস্থিতির মুখোমুখি এবং এই সময়ে দেশের নেতৃত্ব দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব। পুতিন তার বার্তায় আশা প্রকাশ করেন যে মোজতবা খামেনি তার বাবা আয়াতুল্লাহ আলি খামেনির নীতি ও আদর্শ “মর্যাদার সঙ্গে এগিয়ে নিয়ে যাবেন এবং কঠিন সময়ে ইরানি জনগণকে ঐক্যবদ্ধ রাখবেন।রুশ প্রেসিডেন্ট আরও বলেন, রাশিয়া অতীতের মতো ভবিষ্যতেও ইরানের একটি বিশ্বস্ত অংশীদার হিসেবে পাশে থাকবে এবং তেহরানের প্রতি মস্কোর সমর্থন অব্যাহত থাকবে।এর আগে রোববার (৮ মার্চ) ইরানের শীর্ষ ধর্মীয় সংস্থা অ্যাসেম্বলি অব এক্সপার্টস ভোটের মাধ্যমে ৫৬ বছর বয়সী মোজতবা খামেনিকে দেশটির নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করে। তিনি প্রয়াত সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই এই নেতৃত্ব পরিবর্তন ঘটেছে। ফলে নতুন নেতা হিসেবে মোজতবা খামেনির ভূমিকা শুধু ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতেই নয়, আঞ্চলিক রাজনীতিতেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। সূত্র: আলজাজিরা