উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাহাবুদ্দিন, বিশেষ প্রতিনিধি ||
পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, সরকার ও বিরোধী দলসহ দেশের সকল রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ে তোলার দায়িত্ব নিতে হবে। দেশ গড়ার দায়িত্ব কারো একার নয়, বরং সবার সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমেই একটি শক্তিশালী রাষ্ট্র গড়ে তোলা সম্ভব।শনিবার নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় একটি রেস্টুরেন্টে গণসংহতি আন্দোলন এর জেলা ও মহানগর শাখার আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, বাংলাদেশের সামনে যেমন নানা চ্যালেঞ্জ রয়েছে, তেমনি অপার সম্ভাবনাও রয়েছে। বর্তমানে বৈরী আন্তর্জাতিক পরিস্থিতির মধ্যে দিয়ে দেশ অতিক্রম করছে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি থেকে শুরু করে আমদানি নির্ভর বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধি মানুষের জীবনযাত্রায় ব্যাপক প্রভাব ফেলেছে। এ পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজন জাতীয় ঐক্য ও ধৈর্য।পরিকল্পনা প্রতিমন্ত্রী আরও বলেন, অতীতে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান দুর্বল করে দেওয়া হয়েছে এবং অর্থনীতিকে খাদের কিনারায় নিয়ে যাওয়া হয়েছে। এ অবস্থায় অর্থনীতিকে আবার শক্ত ভিতের ওপর দাঁড় করানো, ব্যাংকিং খাতে মানুষের আস্থা ফিরিয়ে আনা এবং শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাস্তব উন্নয়ন নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য।তিনি বলেন, উন্নয়ন বলতে শুধু রাস্তাঘাট বা অবকাঠামো নির্মাণ নয়; বরং নাগরিকের জীবনে কী পরিবর্তন এসেছে সেটিই প্রকৃত উন্নয়ন। সেই লক্ষ্যকে সামনে রেখে সরকার ফ্যামিলি কার্ড, কৃষি কার্ডসহ বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক উদ্যোগ বাস্তবায়নে কাজ করছে।তরিকুল সুজন এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এর প্রশাসক সাখাওয়াত হোসেন খান এবং র্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন সহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।